শূন্যতাই শূন্য
বিপ্লব কবিরাজ
শূন্যতায় হারিয়ে আমি, তুমি বিভোর ভাবনায়,
শব্দগুলো বন্দি আজ নীরবতার ছায়ায়।
সময় থমকে দাঁড়ায়, পথের নেই ঠিকানা,
শূন্য চোখে স্বপ্ন খুঁজি, হারিয়ে যাওয়া মানা।
শূন্যের মাঝে শূন্যতা, শূন্যতায় শূন্য প্রাণ,
অভিমানের ছাইয়ের নিচে দগদগে এক টান।
কল্পনারা কল্পনাতে, কল্পিত সব রাত,
ছোঁয়ার আগেই হারিয়ে যায় রঙিন এক প্রহর।
হৃদয়ের এ শূন্য ঘরে কে যেন রাখে পা,
চেনা-অচেনা অনুভবে বাজে শূন্য সুরঝরা।
শূন্যেতে আজ বাঁধন বেঁধে, শূন্যই প্রাপ্তি হোক,
অধরা সেই গল্প শেষে, শূন্যতাই স্বপ্ন লোক।
আলোর ছায়া খেলে যায় নীরবতার ঢঙে,
না বলা সব কথারা হারায় ব্যথার সঙ্গে।
শূন্যতায় শূন্য কথা, রয়ে যায় শূন্য,
আমি শূন্যে ভেসে থাকি, শূন্যতাই শূন্য!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন