পুরুষ তুমি ধর্ষক || বিপ্লব কবিরাজ

 পুরুষ তুমি ধর্ষক !

বিপ্লব কবিরাজ

হে পুরুষ, তুমি কি শুনতে পাও, বিবেকের কোনো ডাক?
তোমার লালসার ছোঁয়ায় মরে নারীর স্বপ্নের আলো।
তারা কি দোষী, যে চলেছে আপন পথে নির্ভয়ে?
তবে কেন পোড়ে তারা, তোমার দৃষ্টির দাহে?

সমাজ বলে, "তুমি পর্দা করো, তুমি চলবে দেখে শুনে,
তুমি রাতে বের হবে না, ঘরের কোণেই থাকো চুপিসারে।"
কিন্তু কেউ বলে না, "পুরুষ, কেনো হারালে মানবতা?"
কেউ শিখায় না, "তোমার চোখের দৃষ্টি সংযত করো!"

ধর্ষিতা নয় নারী, তাকে করা হয় লাঞ্ছিত,
এর জন্য শুধুই দায়ী, এক পুরুষের লালসার মোহ।
তাকে শেখানো হয়, চলবে কেমন, কাকে এড়াবে, কি বলবে,
কিন্তু পুরুষ, শেখালে না, নিজেকে শোধরাবে কবে?

সমাজ সভ্য হতে চায়, তবু শেখায় নারীদের শৃঙ্খল বাঁধা,
শেখায় না, "পুরুষ, তোমার মনুষ্যত্ব আগে সাজাও।"
নারী নয়, বদলাও আগে তোমার বিকৃত মন।
নারীকে নয়, তোমার চরিত্রকে করো নিয়ন্ত্রণ!

তোমার চোখে নারী কেন শুধু ভোগের বস্তু?
তারও যে আত্মা আছে, তারও আছে অনুভূতি অসীম।
সে কি শুধু তোমার ইচ্ছার দাসী, সে কি শুধু একটি শরীর?
ভেবেছো কি, তারও আছে স্বপ্ন, আছে এক বিশাল ভুবন?

শিক্ষা দাও সন্তানকে, "নারীকে মানুষ জেনে চল,
তারও অধিকার আছে বাঁচার, তারও আছে স্বপ্নের জল।"
তাকে বোঝাও, শক্তি কেবল কুড়াল নয়, শক্তি সংযমে,
একটি সভ্য সমাজ গড়ো, যেখানে থাকবে না ধর্ষণের দাগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন